‘পঞ্চায়েতের দুর্নীতির তদন্ত হবে, কেউ পার পাবে না’: কড়া বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

‘পঞ্চায়েতের দুর্নীতির তদন্ত হবে, কেউ পার পাবে না’: কড়া বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর দিনাজপুর: পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েতগুলির বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনার বৈঠকে যোগ দিয়ে তিনি জানান, পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগের তদন্ত করা হবে। বেশি অভিযোগ রয়েছে এমন পঞ্চায়েতগুলিতে শুরু হবে বিশেষ অডিটও।

শনিবার সকালে কর্ণজোড়া অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে বৈঠক করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী। জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কতটা এগিয়েছে এবং কোথায় কাজের গতি কম, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।

বৈঠকের শেষে রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েতের দুর্নীতির তদন্ত করা হবে। কেউ পার পাবে না।” একইসঙ্গে যে পঞ্চায়েতগুলিতে দুর্নীতির অভিযোগ বেশি, সেখানে স্পেশাল অডিট শুরু করার কথাও জানান তিনি।

পঞ্চায়েতের কাজের গতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর দাবি, নজরদারির অভাবে পঞ্চদশ অর্থ কমিশনের পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে তা খরচ করা হচ্ছে না। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় অর্থ পড়ে রয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) প্রকল্পের ১২৫ দিনের কাজ পিছিয়ে রয়েছে বলে জানান মন্ত্রী। সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি পঞ্চায়েতগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top