কলকাতা: ‘বিগ বস বাংলা’র নতুন সিজন ঘিরে দর্শকদের উন্মাদনার মধ্যেই বড় চমক। এবার ‘বিগ বস বাংলা’র মঞ্চে দেখা যাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রবিবার, ৩০ অগস্ট রাত ৮টায় শোয়ের গ্র্যান্ড ওপেনিংয়ে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বিশেষ এন্ট্রির অপেক্ষায় দর্শকরা।
শো শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সৌরভের বিশেষ এন্ট্রির ঝলক। একেবারে অন্য মেজাজে ‘মহারাজ’। ব্যাকগ্রাউন্ডে ‘বিগ বস বাংলা’র আবহ, আর সম্পূর্ণ কালো পোশাকে সৌরভের রাজকীয় উপস্থিতি—এই বিশেষ মুহূর্ত নিয়েই এখন দর্শকদের মধ্যে বাড়ছে কৌতূহল।
এদিকে ‘বিগ বস বাংলা’র প্রতিযোগী ও অতিথিদের তালিকা নিয়েও জল্পনা তুঙ্গে। অভিনয়, খেলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের এবার শোয়ের ঘরে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের নন্দিনীর চরিত্র। জল্পনা, টেলি অভিনেত্রী নাকি এবার ‘বিগ বস বাংলা’র ঘরের সদস্য হতে পারেন। সেই কারণেই তিনি মাঝপথে ধারাবাহিক ছেড়েছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য এখনও সামনে আসেনি।
তবে সব জল্পনার মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের গ্র্যান্ড এন্ট্রি ‘বিগ বস বাংলা’র উদ্বোধনী পর্বের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে।




















