পশ্চিমবঙ্গ —
রাজ্যে একের পর এক এনকাউন্টার নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার কড়া মন্তব্য করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সাম্প্রতিক এনকাউন্টারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অনেকে বলছেন পাঁচটা এনকাউন্টার হয়েছে, আমি বলি পাঁচশোটা হলেও কম হবে! কেউ এদিক-ওদিক করলেই পুলিশের গুলি আছে।’ তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
মা-বোনেদের সুরক্ষা এবং সাধারণ মানুষের নির্ভয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কোনও আপস করবে না বলেও এ দিন স্পষ্ট বার্তা দেন তিনি।
পূর্বতন সরকারের বিরুদ্ধে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ
পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যে দুষ্কৃতীদের দাপট ছিল বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, একসময় দুষ্কৃতীদের দাপটে সাধারণ মানুষ এবং বিশেষ করে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগতেন। এমনকি মানুষকে ঠিকমতো ধর্মীয় অনুষ্ঠান পালন করতেও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, ‘একসময় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়িয়েছে, আমাদের ঠিকমতো ধর্ম-কর্ম করতে দেওয়া হয়নি। মা-বোনেরা ভয়ে ভয়ে বাজারে বেরোতেন। কিন্তু মানুষই ভোট দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছেন। এখন হিন্দু মা-বোনেদের দিকে কেউ ট্যারা চোখে তাকালে তাদের কী দুর্ভোগ হবে, তা সবাই দেখতে পাচ্ছে।’
সাধারণ মানুষকে নির্ভয়ে বাঁচার বার্তা
সাধারণ মানুষকে মাথা উঁচু করে বাঁচার আহ্বানও জানান মন্ত্রী। তাঁর কথায়, অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কারও ভয়ে সিঁটিয়ে থাকার জন্য স্বাধীনতা আসেনি।
রাজ্যে সাম্প্রতিক এনকাউন্টার নিয়ে বিতর্কের আবহে দিলীপ ঘোষের এই মন্তব্য আইনশৃঙ্খলা, অপরাধ দমন এবং পুলিশের ভূমিকা নিয়ে রাজনৈতিক আলোচনাকে আরও উসকে দিয়েছে।

,



















