পুজোর আগেই প্রতি থানায় একটি করে ১১২ গাড়ি, ২০০ সদস্যের ‘অর্জুন’ ব্রিগেড তৈরির ঘোষণা শুভেন্দুর

পুজোর আগেই প্রতি থানায় একটি করে ১১২ গাড়ি, ২০০ সদস্যের ‘অর্জুন’ ব্রিগেড তৈরির ঘোষণা শুভেন্দুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: প্রাকৃতিক বিপর্যয় কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দ্রুত পুলিশি ব্যবস্থা নিশ্চিত করতে রাজ্যের পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার লালবাজারে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি জানান, কুইক রেসপন্সের জন্য লোকবলের পাশাপাশি প্রতিটি থানায় প্রয়োজনীয় যানবাহনও গুরুত্বপূর্ণ। তাই পুজোর আগেই রাজ্যের প্রতিটি থানায় একটি করে ১১২ গাড়ি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনাতেই এই ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা হতে পারে। যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর ক্ষেত্রে এই গাড়িগুলি ব্যবহার করা হবে।

পুলিশমন্ত্রী আরও জানান, সিভিল ডিফেন্সের জন্য ২০০ জনের একটি নতুন ব্রিগেড তৈরি করা হচ্ছে। এই বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘অর্জুন’। পুজোর আগেই নতুন বাহিনী আত্মপ্রকাশ করবে বলে জানান তিনি। পাশাপাশি, অগ্নিবীরদেরও এই টিমে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা পুলিশ আধিকারিকদের সম্মান জানাতে অনুষ্ঠানে ‘জীবন রক্ষক’ পুরস্কার ঘোষণা করেন পুলিশমন্ত্রী। একইসঙ্গে রাজ্য পুলিশের পরিকাঠামো নিয়েও একাধিক পরিকল্পনার কথা জানান তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য পুলিশে প্রায় ৪৩ হাজার শূন্যপদ রয়েছে এবং বহু থানা সিভিক পুলিশের উপর নির্ভরশীল। তাঁর দাবি, পুলিশি পরিকাঠামো, লজিস্টিক্স এবং যানবাহনের পরিস্থিতিরও উন্নতি প্রয়োজন।

এবার রাজ্যের সমস্ত থানার আধুনিকীকরণ, মহিলা হেল্পডেস্কের উন্নয়ন এবং সাইবার অপরাধ মোকাবিলায় নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান পুলিশমন্ত্রী। সাইবার প্রতারণার কারণে বহু মানুষ তাঁদের সঞ্চিত অর্থ হারাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। সেই কারণে সাইবার অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top