কলকাতা: শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন পদক্ষেপ নিল বিক্রম সোলারের অঙ্গপ্রতিষ্ঠান ‘ভিএসএল পাওয়ারহাইভ’। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়েছে তাদের প্রথম বাণিজ্যিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা BESS—‘P261’।
মূলত শিল্পকারখানা ও বাণিজ্যিক ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ১২৫ কিলোওয়াট এবং ২৬১ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন এই লিকুইড-কুলড ব্যাটারি স্টোরেজ সিস্টেম। সংস্থার দাবি, নতুন প্রযুক্তির এই সিস্টেম শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে ডিজেল জেনারেটরের উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।
P261 ব্যবহারের মাধ্যমে পিক-লোড ম্যানেজমেন্ট, সৌরবিদ্যুৎ সংরক্ষণ, ইভি চার্জিং এবং মাইক্রোগ্রিড পরিচালনার মতো একাধিক ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। বিদ্যুৎ ব্যবহারের চাহিদা অনুযায়ী শক্তি সংরক্ষণ ও সরবরাহের ক্ষেত্রেও এই সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে P261-এ ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট লিকুইড কুলিং প্রযুক্তি। ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য এই ব্যবস্থা কাজ করবে।
এর পাশাপাশি সিস্টেমটিতে রয়েছে রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা এবং উন্নত ফায়ার সাপ্রেশন সিস্টেম। সংস্থার দাবি, এই প্রযুক্তিগুলির মাধ্যমে ওভারচার্জিং, অতিরিক্ত তাপমাত্রা বা শর্ট সার্কিটের মতো সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ও আরও দক্ষ বিদ্যুৎ ব্যবস্থাপনার দিকে P261 নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছে সংস্থা।




















