রাজ্য – পুজোর আগে রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এতদিন পর্যন্ত এই সুবিধার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কভার করা হত। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।
অর্থদপ্তরের মেডিক্যাল সেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত কোনও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালে অতিরিক্ত ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আগের ২ লক্ষ টাকার সীমার সঙ্গে আরও ৩ লক্ষ টাকা যোগ হয়ে মোট সুবিধার পরিমাণ দাঁড়াবে ৫ লক্ষ টাকা।
সরকারি হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে প্রায় ১১ লক্ষ মানুষ উপকৃত হবেন। তাঁদের মধ্যে প্রায় আড়াই লক্ষ রাজ্য সরকারি কর্মী এবং দেড় লক্ষের কাছাকাছি পেনশনভোগী রয়েছেন। পাশাপাশি সরকারি কর্মী ও পেনশনভোগীদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও এই স্বাস্থ্যবিমা ব্যবস্থার আওতায় থাকবেন।
নয়া নিয়মে চিকিৎসা সংক্রান্ত আরও একটি পরিবর্তন আনা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় কো-মর্বিডিটি-সহ বিভিন্ন রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ বা সুপার স্পেশালিস্টের পরামর্শ নেওয়ার ক্ষেত্রে আর প্রাথমিক চিকিৎসকের রেফারেল নোট বাধ্যতামূলক থাকছে না। ফলে ক্যাশলেস সুবিধা বাড়ানোর পাশাপাশি চিকিৎসা পরিষেবা নেওয়ার প্রক্রিয়াতেও কিছুটা সরলীকরণ করা হল।



















