রাজ্য – আগামী ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গজুড়ে ‘বাংলা ভাষা দিবস’ পালন করার ঘোষণা করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। একইসঙ্গে দিনটিকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে সংগঠনটি।
এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ সেপ্টেম্বর থেকেই টানা এক সপ্তাহ রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একাধিক কর্মসূচি নেওয়া হবে। দাড়িভিটের ঘটনাকে সামনে রেখে আয়োজন করা হবে গণ কনভেনশন, আলোচনা সভা এবং গেট মিটিং। বাংলা ভাষা ও শিক্ষাক্ষেত্রে ভাষার গুরুত্ব নিয়ে পড়ুয়াদের মধ্যে আলোচনার পরিসর তৈরি করাই এই কর্মসূচিগুলির অন্যতম উদ্দেশ্য বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
এর পাশাপাশি ২০ সেপ্টেম্বর কলকাতার কলেজ স্ট্রিট এবং নন্দন চত্বরের সামনে বিশেষ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে বাংলা ভাষা দিবসের আনুষ্ঠানিক স্বীকৃতির দাবিকে সামনে আনার পরিকল্পনা রয়েছে এবিভিপির।
দিনটিকে পশ্চিমবঙ্গের সরকারি ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে রাজ্য সরকারের কাছে সংগঠনের তরফে আবেদন জানানো হবে। এবিভিপির এই ঘোষণাকে ঘিরে আগামী দিনে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান ও কলকাতায় তাদের কর্মসূচি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নজর থাকবে।




















