পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস ঘোষণা, মিলবে ৬,৯০৮ টাকা

পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস ঘোষণা, মিলবে ৬,৯০৮ টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: দুর্গাপুজোর আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। অর্থ মন্ত্রকের তরফে ২০২৫-২৬ অর্থবর্ষের নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (Non-PLB Bonus) বা অ্যাড হক বোনাস ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে চর্চার মধ্যেই এই ঘোষণা সামনে এসেছে। নির্দিষ্ট শ্রেণির কর্মীরা ৩০ দিনের পারিশ্রমিকের সমান বোনাস পাবেন। মাথাপিছু বোনাসের পরিমাণ ধার্য করা হয়েছে ৬,৯০৮ টাকা।

অর্থ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, গ্রুপ সি-র কেন্দ্রীয় সরকারি কর্মী এবং গ্রুপ বি-র নন-গেজেটেড কর্মীরা এই বোনাসের আওতায় পড়বেন, যদি তাঁরা কোনও প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস প্রকল্পের অন্তর্ভুক্ত না হন। কেন্দ্রীয় সরকারের অস্থায়ী শ্রমিকদের জন্যও নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই বোনাসের ব্যবস্থা রয়েছে।

কীভাবে নির্ধারিত হল বোনাসের অঙ্ক? অর্থ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ৩০ দিনের পারিশ্রমিকের ভিত্তিতে এবং বোনাস গণনার ক্ষেত্রে সর্বাধিক ৭,০০০ টাকা মাসিক বেতনের সীমা ধরে এই হিসাব করা হয়েছে। সেই হিসাবেই যোগ্য কর্মীদের জন্য বোনাসের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৯০৮ টাকা।

পুজোর আগে এই ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশের জন্য বাড়তি আর্থিক স্বস্তি আনতে পারে। তবে বোনাস পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর পদ, কর্মসংস্থানের ধরন এবং সরকারি নির্দেশিকায় নির্ধারিত যোগ্যতার শর্তগুলি প্রযোজ্য হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top