রাজ্য – দীর্ঘদিন ধরেই পুরুলিয়ায় নতুন শিল্প ও কর্মসংস্থানের দাবি উঠছিল। এবার সেই দাবিকে বাস্তবে রূপ দিতে বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। রঘুনাথপুরে গড়ে উঠতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্ট। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে পুরুলিয়ায় শিল্পের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
পুরুলিয়ার রঘুনাথপুর-১ ব্লকের দূরমুট মৌজায় এই অত্যাধুনিক স্টিল প্রকল্প গড়ে তোলার কাজ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রকল্প এলাকার প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী ১৭ অগস্ট প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে দীর্ঘদিনের শিল্পের দাবিকে ঘিরে পুরুলিয়ায় নতুন করে আশার আলো দেখা দিয়েছে।
জানা গিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম বা WBIDC-এর কাছ থেকে প্রায় ১৪৮ একর জমি নেওয়া হয়েছে। সেখানে প্রায় ৩৬০০ কোটি টাকা বিনিয়োগ করে অত্যাধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু স্টিল কারখানাই নয়, প্রকল্পের সঙ্গে আরও একাধিক শিল্প ইউনিট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে রঘুনাথপুর ও আশপাশের এলাকায় শিল্প পরিকাঠামোর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিন শিল্পের অপেক্ষায় থাকা পুরুলিয়ায় ৩৬০০ কোটি টাকার এই প্রকল্প তাই জেলার অর্থনীতিতে বড় পরিবর্তনের সূচনা করতে পারে বলেই মনে করা হচ্ছে।




















