রাজ্য – রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির ঘোষণা করল রাজ্য সরকার। সামাজিক সুরক্ষা খাতের এই তিন ধরনের ভাতার অঙ্ক আরও ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে যোগ্য উপভোক্তারা মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ২,০০০ টাকা করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে এই তিন শ্রেণির উপভোক্তারা মাসে ১,০০০ টাকা করে সরকারি ভাতা পেতেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম দফায় সেই ভাতার অঙ্ক ৫০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছিল।
এরপর গত জুলাই মাসের শেষদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত ১,৫০০ টাকা করে ভাতা পৌঁছে যাবে। সেই ঘোষণার পর এক মাসও কাটেনি, তার মধ্যেই ফের সামাজিক সুরক্ষা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানাল নবান্ন।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রকাশিত সংকল্পপত্রেও প্রবীণ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোনো হল বলে প্রশাসনিক মহলের দাবি।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের যোগ্য প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম উপভোক্তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে সরকারি আর্থিক সহায়তা পাবেন।




















