রাজ্য – রবিবাসরীয় সকালে দুঃসংবাদ। প্রবাদপ্রতীম ভারতীয় চিত্রসাংবাদিক রঘু রাইয়ের জীবনাবসান ঘটেছে। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ সাংবাদিক জীবনে অসংখ্য ঐতিহাসিক মুহূর্তকে ক্যামেরাবন্দি করে তিনি ভারতীয় ফটোজার্নালিজমে অমলিন ছাপ রেখে গিয়েছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন রঘু রাই। সম্প্রতি তিনি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল মূলত বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে।
রঘু রাইয়ের পুত্র নীতিন রাই, যিনি নিজেও একজন চিত্রসাংবাদিক, জানিয়েছেন যে তাঁর বাবা প্রায় দুই বছর আগে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফেরেন। তবে পরবর্তীতে ক্যানসার ছড়িয়ে পড়ে পাকস্থলিতে। চিকিৎসার মাধ্যমে সেই পর্যায়েও কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল বলে জানান তিনি। কিন্তু সম্প্রতি রোগটি আবার মাথায় ছড়িয়ে পড়ে এবং সঙ্গে বয়সজনিত একাধিক জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।
পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় রঘু রাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, রবিবার বিকেল চারটে নাগাদ দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
রঘু রাইয়ের মৃত্যুতে সাংবাদিক ও চিত্রসাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর লেন্সে ধরা পড়েছিল ভারতের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা তাঁকে আন্তর্জাতিক স্তরেও বিশেষ পরিচিতি এনে দিয়েছিল।




















