রাজ্য – রাজ্যজুড়ে ভোটের দামামা বাজতে শুরু করেছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়া যত এগোচ্ছে, ততই একের পর এক বিতর্কও সামনে আসছে। এবার ভোটার স্লিপ বিতরণকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার রাঙাবেলিয়া অঞ্চলে।
অভিযোগ, ১৫৪ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার (BLO) অসীম মণ্ডল নির্বাচন কমিশনের দেওয়া সরকারি ভোটার স্লিপের সঙ্গে একটি রাজনৈতিক দলের স্লিপও একসঙ্গে বিতরণ করছিলেন। ঘটনাটি ঘটে এক ভোটারের বাড়িতে বসেই। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলেও শুরু হয় চাপানউতোর।
অভিযুক্ত বিএলও অসীম মণ্ডলকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গোসাবা বিধানসভার নির্বাচন আধিকারিক সূত্রে খবর, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাঁকে শোকজ নোটিস পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার স্লিপ নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। মালদার চাঁচল এলাকায় ভোটের পরদিন স্লিপ না পাওয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সেখানে এক ভোটার অভিযোগ করেন, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি স্লিপ পাননি এবং পরে বিএলও এসে ভুল স্বীকার করেন। সেই ঘটনাও এলাকায় ব্যাপক বিতর্ক তৈরি করে।
ক্রমাগত এই ধরনের অভিযোগে ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে যদিও বারবার স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দেওয়া হচ্ছে, তবুও একের পর এক ঘটনায় নির্বাচন ব্যবস্থার উপর নজরদারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



















