কলকাতা – কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার নথি ও ফাইল গায়েব হয়ে যাওয়া এবং পাচারের অভিযোগ সামনে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পুর-কমিশনার স্মিতা পাণ্ডের নির্দেশে ফাইল ও গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নতুন বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, উচ্চপদস্থ কোনও আধিকারিকের লিখিত অনুমতি ছাড়া পুরসভা ভবন থেকে কোনও ফাইল বা নথি বাইরে নিয়ে যাওয়া যাবে না। প্রতিটি নথির গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হবে এবং নিরাপত্তারক্ষীদেরও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ফাইল ও নথি পাচার রুখতে পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। ভবনের প্রতিটি গেটে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। কোনও ব্যক্তি ফাইল বাইরে নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমোদন দেখাতে হবে। সেই অনুমতি যাচাই করার পরেই ফাইল ভবনের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
সম্প্রতি পুরসভার নথি সরিয়ে ফেলার অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিজেপি কাউন্সিলর সন্তোষ পাঠক অভিযোগ করেন, কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগ থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে ফেলা হচ্ছে। এই বিষয়ে তিনি পুরসভার নবনিযুক্ত সচিব কিশোরকুমার বিশ্বাসের কাছেও অভিযোগ জানান।
অভিযোগে দাবি করা হয়েছে, পুরসভার একাধিক জায়গা থেকে গুরুত্বপূর্ণ নথি সরানো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে বস্তাবন্দি অবস্থায় প্রচুর ফাইল পড়ে থাকতে দেখা গিয়েছে। অতীতের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, দুর্নীতির অভিযোগ এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত নথিপত্রও সরানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এই সমস্ত অভিযোগ সামনে আসার পরই পুর কর্তৃপক্ষ নথি সংরক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের দাবি, গুরুত্বপূর্ণ সরকারি নথি সুরক্ষিত রাখা এবং ভবিষ্যতে কোনও ধরনের অনিয়ম রোধ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।



















