ফিফা বিশ্বকাপ সম্প্রচারে বড় চুক্তি, ২০৩৪ পর্যন্ত ৩৮টি টুর্নামেন্টের স্বত্ব পেল জি

ফিফা বিশ্বকাপ সম্প্রচারে বড় চুক্তি, ২০৩৪ পর্যন্ত ৩৮টি টুর্নামেন্টের স্বত্ব পেল জি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এল বড় সুখবর। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচার অধিকার অর্জন করল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড। এই চুক্তির ফলে শুধু ২০২৬ সালের বিশ্বকাপই নয়, ২০৩৪ সাল পর্যন্ত ফিফার মোট ৩৮টি আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্প্রচার অধিকারও সংস্থার হাতে এসেছে।

সোমবার এই গুরুত্বপূর্ণ চুক্তির ঘোষণা করা হয়। ফলে আগামী বিশ্বকাপ ভারতে কোথায় দেখা যাবে, তা নিয়ে কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটল। আগামী ১১ জুন আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে শুরু হতে চলেছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে এই সম্প্রচার চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বস্তি পেয়েছেন ফুটবলপ্রেমীরা।

ফিফা এবং সম্ভাব্য সম্প্রচারকারী সংস্থাগুলির মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সেই কারণে ভারত ছিল বিশ্বের কয়েকটি বড় বাজারের মধ্যে অন্যতম, যেখানে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিয়ে অনিশ্চয়তা বজায় ছিল। অবশেষে সেই জট কাটিয়ে সম্প্রচারের দায়িত্ব পেল জি।

চুক্তির আওতায় ২০২৬ বিশ্বকাপের পাশাপাশি আগামী আট বছরে আয়োজিত মোট ৩৮টি ফিফা প্রতিযোগিতা ভারতীয় দর্শকদের সামনে তুলে ধরা হবে। এই উদ্যোগকে সামনে রেখে সংস্থাটি চারটি নতুন ক্রীড়া চ্যানেল চালুর পরিকল্পনাও ঘোষণা করেছে। এগুলি হল— Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও টুর্নামেন্ট সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ফলে দর্শকরা বিভিন্ন মাধ্যম থেকে বিশ্বকাপ এবং অন্যান্য ফিফা ইভেন্ট উপভোগ করার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফিফা প্রথমে ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের ভারতীয় সম্প্রচার স্বত্বের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করেছিল। পরে সেই অঙ্ক কমিয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলারে আনা হয়। বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত জি এই অধিকার অর্জন করতে সক্ষম হয়।

এই চুক্তির ফলে ভারতীয় দর্শকরা প্রথমবারের মতো ৪৮ দলের সম্প্রসারিত ফিফা বিশ্বকাপ প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের সম্প্রচার ক্ষেত্রে জি-এর অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

বিশ্বকাপ শুরুর প্রাক্কালে এই চুক্তি নিশ্চিত করল যে ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া মহোৎসব থেকে বঞ্চিত হবেন না। আগামী কয়েক বছরে ফিফার একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এখন ভারতীয় দর্শকদের হাতের নাগালেই থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top