ফের কি জোট বাঁধবে হাত-হাতুড়ি? পুরভোটের আগে একা লড়াই নিয়ে সংশয়ে কংগ্রেস, কলকাতা-হাওড়ায় ৫০টি ওয়ার্ড জয়ের লক্ষ্য

ফের কি জোট বাঁধবে হাত-হাতুড়ি? পুরভোটের আগে একা লড়াই নিয়ে সংশয়ে কংগ্রেস, কলকাতা-হাওড়ায় ৫০টি ওয়ার্ড জয়ের লক্ষ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

ফের কি একসঙ্গে পথ চলবে কংগ্রেস ও সিপিএম? পুরভোটে একা লড়ার সিদ্ধান্ত থেকে কি শেষ পর্যন্ত সরে আসতে পারে হাত শিবির? এই জল্পনার মধ্যেই পুর নির্বাচনে লড়াইয়ের সাংগঠনিক শক্তি যাচাই করতে প্রথম বৈঠক সারল প্রদেশ কংগ্রেস। প্রাথমিক আলোচনায় নেতৃত্বের একাংশের উপলব্ধি, পুরসভার লড়াইয়ে সাফল্য পেতে হলে রাস্তায় নেমে আন্দোলন করার মতো শক্তিশালী সংগঠন এবং ব্লক ও বুথস্তরে সক্রিয় কর্মী প্রয়োজন।

প্রদেশ নেতৃত্বে পরিবর্তনের পর রাজ্যজুড়ে সংগঠনে নতুন করে তৎপরতা তৈরি হয়েছে বলে মনে করছেন দলের একাংশ। তবে নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সংগঠনকে আরও মজবুত করা প্রয়োজন বলেই মত তাঁদের। এই জায়গায় বামফ্রন্ট, বিশেষ করে সিপিএমের আন্দোলন ও সাংগঠনিক ভূমিকার কথা উঠে আসছে কংগ্রেসের অন্দরেই।

কলকাতা ও হাওড়ায় ৫০টি ওয়ার্ডের লক্ষ্য

দলের একাংশের মতে, কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনে বিজেপির মতো সংগঠিত রাজনৈতিক শক্তির মোকাবিলা করে অন্তত ৫০টির কাছাকাছি আসন জেতা কংগ্রেসের কাছে সম্মানের প্রশ্ন। কিন্তু একা লড়াই করে সেই লক্ষ্য পূরণ করা কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে নেতৃত্বের একাংশের মধ্যে।

কংগ্রেসের এক প্রবীণ নেতার বক্তব্য, রাজ্য রাজনীতিতে দলকে সামনের সারিতে ফিরিয়ে আনতে হলে আগে কলকাতা ও হাওড়ায় নিজেদের সাংগঠনিক ভিত শক্ত করতে হবে। দুই শহর মিলিয়ে অন্তত ৫০টি ওয়ার্ডে জয় প্রয়োজন বলে মনে করছেন তিনি। তবে সেই জায়গায় পৌঁছনোর মতো শক্তি এখনও দলের মধ্যে তৈরি হয়নি বলেই তাঁর মত।

ওই নেতার কথায়, “মনে রাখতে হবে সিপিএমের সঙ্গে আমাদের শত্রুতা নেই, সম্পর্কের উষ্ণতা চাপা থাকলেও আছে। সিপিএম তো হাত বাড়িয়েই রেখেছে।”

সেলিমের প্রস্তাব ঘিরে জল্পনা

এই পরিস্থিতিতে পুরভোটে অন্য দলের সঙ্গে সমঝোতার সম্ভাবনাও আলোচনায় উঠে আসছে। কিছুদিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কংগ্রেসের কাছে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব রেখেছিলেন। তবে সেই সমঝোতার ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে অবস্থান স্পষ্ট করার বার্তাও দিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, তৃণমূলের সঙ্গ এড়াতে হলে কংগ্রেসকেই ‘মায়া’ কাটাতে হবে।

প্রদেশ কংগ্রেসের এক রাজ্য নেতার কথাতেও বাস্তব পরিস্থিতি বিবেচনার ইঙ্গিত মিলেছে। তাঁর বক্তব্য, “দল ভালভাবেই জানে ভাবের ঘরে চুরি করে লাভ নেই। রাস্তার বাস্তবটা বুঝতে হবে। পথে নেমে মার খেয়ে বিজেপির সঙ্গে সম্মুখ সমরে কিন্তু এগিয়ে সিপিএমই।”

তবে কংগ্রেস ও সিপিএমের মধ্যে পুরভোটের সমঝোতা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একা লড়াই, নাকি বামেদের সঙ্গে সমঝোতা—শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে কংগ্রেস, তা নির্ভর করছে দলের সাংগঠনিক মূল্যায়ন ও রাজনৈতিক আলোচনার উপর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top