পশ্চিমবঙ্গ —
রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং ও বসিরহাট-সহ একাধিক পুলিশ জেলা এবং জেলার থানার আইসি পদে পরিবর্তন করা হল। বুধবার রাজ্য পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, মোট ৫০টি থানার আইসি বদলি করা হচ্ছে। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই মর্মে ডিআইজি, আইজি, পুলিশ সুপার-সহ বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, বদলি হওয়া আধিকারিকদের দ্রুত নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করতে হবে।
কারা পেলেন নতুন দায়িত্ব?
বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানার নতুন আইসি হচ্ছেন কাজল বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার সিআই পদে কর্মরত ছিলেন।
অন্যদিকে, রানাঘাট থানার নতুন আইসি করা হয়েছে দেবাশিস সরকারকে। তিনি রানাঘাট পুলিশ জেলার ডিআইবি-তে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
চন্দননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সুখময় চক্রবর্তীকে কোচবিহার কোতোয়ালি থানার আইসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসটিএফে পাঠানো হল দুই আধিকারিককে
পুরুলিয়ার রঘুনাথপুর থানার আইসি পদে কর্মরত অতনু সাঁতরাকে এসটিএফে ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় রঘুনাথপুর থানার নতুন আইসি হচ্ছেন সুব্রত মালাকার। তিনি এর আগে বাঁকুড়া সাইবার ক্রাইম থানার আইসি পদে ছিলেন।
এছাড়াও সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকে এসটিএফে পাঠানো হয়েছে।
রাজ্য পুলিশের এই রদবদলে একসঙ্গে ৫০টি থানার আইসি পদে পরিবর্তন হওয়ায় পুলিশ প্রশাসনের বিভিন্ন মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বাকি থানাগুলির দায়িত্বে কারা আসছেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও নির্দেশিকায় রয়েছে।




















