রাজ্য – বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপের জেরে গত কয়েক সপ্তাহে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল রাজ্যের একাধিক জেলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও নেমেছিল প্রবল বৃষ্টি। কয়েক দিন দুর্যোগ কাটিয়ে রোদের দেখা মিললেও এবার ফের আবহাওয়া বদলের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবেই সোমবার থেকে রাজ্যের আবহাওয়ার মেজাজ বদলানোর সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার গতিপথ কোন দিকে থাকে, তার উপরই বাংলায় বৃষ্টির মাত্রা নির্ভর করবে। নিম্নচাপের অভিমুখ যদি পশ্চিমবঙ্গের দিকে থাকে, তাহলে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, নিম্নচাপের প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্যেই মধ্যপ্রদেশ ও পূর্ব উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেও পূর্ব ও মধ্য ভারতে বৃষ্টির দাপট বাড়তে পারে। ফলে কয়েক দিন স্বস্তির পর ফের বর্ষার দাপট ফেরার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ কতটা শক্তিশালী হয় এবং তার গতিপথ কোন দিকে থাকে, আপাতত সেদিকেই নজর আবহবিদদের। গত কয়েক সপ্তাহে একের পর এক নিম্নচাপের প্রভাবে যে দুর্যোগ তৈরি হয়েছিল, তার স্মৃতি এখনও টাটকা। সেই পরিস্থিতির মধ্যেই ফের নিম্নচাপের সম্ভাবনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভাদ্রমাসের শুরুতেই কি ফের দুর্যোগের মুখে পড়বে বাংলা? এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন আবহবিদরা।



















