রাজ্য – রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম প্রশাসনিক সফরে গিয়ে বালুরঘাটবাসীকে জোড়া উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বালুরঘাটে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের মাঝেই বড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই পুরোপুরি সচল হতে চলেছে বালুরঘাট বিমানবন্দর। একই সঙ্গে প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজের ভূমিপুজো এবং নির্মাণকাজও অতি দ্রুত শুরু হতে চলেছে।
বুধবার প্রশাসনিক পর্যালোচনা সভায় যোগ দিতে বালুরঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী। জেলা সফরের অংশ হিসেবে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও পর্যালোচনার পাশাপাশি প্রশাসনিক কাজকর্ম নিয়েও বৈঠক করেন তিনি। তবে সফরের অন্যতম বড় আকর্ষণ হয়ে ওঠে বালুরঘাট বিমানবন্দর এবং মেডিক্যাল কলেজ নিয়ে তাঁর ঘোষণা। দীর্ঘদিন ধরে এই দুই প্রকল্প ঘিরে স্থানীয় মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল, মুখ্যমন্ত্রীর ঘোষণায় তা আরও জোরালো হল।
মুখ্যমন্ত্রীর জেলা সফরে রাজনৈতিক সমীকরণের ছবিও ধরা পড়ে। মধ্যাহ্নভোজনে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের বাসভবনে যান তিনি। সেখানে দুই শীর্ষ নেতার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। প্রশাসনিক সফরের মাঝেই মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
সুকান্ত মজুমদারের বাড়িতে মুখ্যমন্ত্রীর আপ্যায়নে ছিল ঐতিহ্যবাহী বাঙালি পদের এলাহি আয়োজন। মেনুতে ছিল সাদা ভাত, পাট শাক ভাজা, শুক্তো, পোস্ত, বালুরঘাটের বিখ্যাত রাইখোর মাছ ভাজা, ময়া মাছের চচ্চড়ি, কাতলা, ইলিশ এবং দেশি মুরগির মাংস। মিষ্টিমুখের জন্য ছিল নয়াবাজারের দই, চাটনি এবং রসগোল্লা। সব মিলিয়ে প্রশাসনিক ঘোষণা, রাজনৈতিক সৌজন্য এবং বাঙালি আপ্যায়নে মুখ্যমন্ত্রীর প্রথম দক্ষিণ দিনাজপুর সফর ঘিরে তৈরি হল বিশেষ আবহ।




















