বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ! হাসপাতালে ভর্তি, আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী

বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ! হাসপাতালে ভর্তি, আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সত্তরোর্ধ্ব মীরা ভট্টাচার্য। শুক্রবার দুপুরে প্রচণ্ড পেটব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যান তিনি। শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিশিষ্ট চিকিৎসক ডা. সৌপ্তিক পাণ্ডার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে মীরাদেবীর। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আরও কিছুটা সময় তাঁকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে তাঁর কোলোনোস্কপি করার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মীরা ভট্টাচার্যের কাশি হচ্ছিল। তার সঙ্গে ছিল শ্বাসকষ্ট এবং সামান্য পেটব্যথাও। বৃহস্পতিবার তিনি তুলনামূলক বেশি অসুস্থ বোধ করেন। শুক্রবারও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় তাঁকে দ্রুত আলিপুরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তবে আপাতত উদ্বেগের মতো পরিস্থিতি নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

মীরাদেবীর অসুস্থতার খবর পেয়ে তাঁর একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্যও মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ঘনিষ্ঠরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর গত দু’বছর ধরে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই থাকতেন মীরা ভট্টাচার্য। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর বর্তমানে একাই থাকছিলেন তিনি। যদিও তাঁর একমাত্র সন্তান সুচেতন দীর্ঘদিন ধরেই অন্যত্র থাকেন।

এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মীরা ভট্টাচার্য। কোলোনোস্কপির রিপোর্ট এবং পরবর্তী চিকিৎসার ভিত্তিতেই তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তিতে পরিবার ও ঘনিষ্ঠরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top