ব্যবহারকারীর অজান্তেই ফোনের গ্যালারির ছবি-ভিডিও অ্যাক্সেসের অভিযোগ! মেটাকে ৮,৩৬০ কোটি টাকা জরিমানা ইতালিতে

ব্যবহারকারীর অজান্তেই ফোনের গ্যালারির ছবি-ভিডিও অ্যাক্সেসের অভিযোগ! মেটাকে ৮,৩৬০ কোটি টাকা জরিমানা ইতালিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আন্তর্জাতিক —

ফের নতুন করে বিতর্কের মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মূল সংস্থা মেটা (Meta)। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও তাঁদের স্পষ্ট সম্মতি ছাড়াই অ্যাক্সেস করার অভিযোগে ইতালিতে সংস্থাটির উপর বিপুল অঙ্কের জরিমানা আরোপ করা হয়েছে। ইতালির ডেটা প্রোটেকশন কর্তৃপক্ষের পদক্ষেপে মেটাকে প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৩৬০ কোটি টাকা জরিমানা দিতে হতে পারে বলে জানা গিয়েছে।

অভিযোগ, ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও অ্যাক্সেস করা হত। ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় কী ধরনের ছবি বা ভিডিও পোস্ট করতে পারেন, সেই সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্যই এই ফিচার চালু করা হয়েছিল। কিন্তু অ্যাপটি ঠিক কী ধরনের তথ্য অ্যাক্সেস করতে পারবে, সে বিষয়ে ব্যবহারকারীদের যথেষ্ট স্পষ্ট ধারণা দেওয়া হয়নি বলে অভিযোগ।

কীভাবে ব্যবহারকারীদের গ্যালারিতে প্রবেশ করত মেটা?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকেই ইতালিতে এই ফিচার চালু ছিল। এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য বিভিন্ন কনটেন্ট সাজেস্ট করত।

ইতালির ডেটা প্রোটেকশন কর্তৃপক্ষের অভিযোগ, ফেসবুক অ্যাপ গ্যালারিতে প্রবেশের জন্য ব্যবহারকারীদের কাছে একটি মাত্র অনুমতি চাইত। কিন্তু সেই অনুমতি দেওয়ার অর্থ যে অ্যাপটি ফোনে থাকা ছবি ও ভিডিও অ্যাক্সেস করতে পারবে এবং সেগুলি পোস্টের পরামর্শ দেওয়ার কাজে ব্যবহার করবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

ফলে ব্যবহারকারীরা ঠিক কতটা ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস দিচ্ছেন, সে বিষয়ে যথেষ্ট সচেতন হওয়ার সুযোগ পাননি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২ কোটিরও বেশি ব্যবহারকারী প্রভাবিত?

এই ফিচারের কারণে ইতালিতে ২ কোটিরও বেশি ব্যবহারকারী প্রভাবিত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ব্যক্তিগত ছবি ও ভিডিওর মতো সংবেদনশীল তথ্য ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা এবং ব্যবহারকারীর সম্মতির প্রশ্নেই মূলত আপত্তি উঠেছে।

প্রযুক্তি সংস্থাগুলির ক্ষেত্রে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহারের নিয়ম নিয়ে ইউরোপে দীর্ঘদিন ধরেই কড়াকড়ি রয়েছে। মেটার বিরুদ্ধে ইতালির এই পদক্ষেপ সেই বিতর্ককে আরও একবার সামনে নিয়ে এল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top