ব্যারাকপুর থেকে কল্যাণী রোড হয়ে এইমস পর্যন্ত মেট্রো! বাস যোগাযোগেরও বড় পরিকল্পনা

ব্যারাকপুর থেকে কল্যাণী রোড হয়ে এইমস পর্যন্ত মেট্রো! বাস যোগাযোগেরও বড় পরিকল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ব্যারাকপুর থেকে কল্যাণী রোড ধরে এবার মেট্রো পৌঁছে যেতে পারে কল্যাণীর এইমস পর্যন্ত। শুধু মেট্রো নয়, সাধারণ মানুষের বাড়ির কাছ থেকে সরাসরি এইমস হাসপাতালে পৌঁছনোর জন্য বাস পরিষেবা চালুরও পরিকল্পনা রয়েছে। বুধবার জগদ্দলে সাংবাদিক বৈঠকে এমনই জোড়া যোগাযোগ পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী অর্জুন সিং।

কল্যাণী রোড ধরে এইমস পর্যন্ত মেট্রো সম্প্রসারণের পক্ষে সওয়াল করে অর্জুন সিং বলেন, ব্যারাকপুর থেকে কল্যাণী রোড হয়ে সরাসরি এইমস হাসপাতাল পর্যন্ত মেট্রো যোগাযোগ তৈরি হলে তা আরও সুবিধাজনক হবে। ভবিষ্যতে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলেও দাবি করেন তিনি।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে আটকে রয়েছে বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী, মূলত বিটি রোডের উপর দিয়ে এই মেট্রো করিডর তৈরি হওয়ার কথা। প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় ১২.৫ কিলোমিটার। বিটি রোডের উপর থাকা একটি জলের পাইপলাইনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল বলে জানা যায়।

অর্জুন সিংয়ের দাবি, কল্যাণী রোডের মাঝখান দিয়ে মেট্রো নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে। সেই কারণে ভবিষ্যতে ব্যারাকপুর থেকে কল্যাণী রোড হয়ে এইমস পর্যন্ত মেট্রো সম্প্রসারণ করা সম্ভব হবে বলে তিনি মনে করছেন।

একইসঙ্গে এইমস হাসপাতালের সঙ্গে উত্তর ২৪ পরগনা-সহ একাধিক এলাকার সরাসরি বাস যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী। বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম এবং হুগলি থেকে এইমস পর্যন্ত বাস চালানোর ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অর্জুন সিংয়ের বক্তব্য, এমনভাবে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে যাতে সাধারণ মানুষ বাড়ির কাছ থেকেই বাসে উঠে সরাসরি এইমস হাসপাতালে পৌঁছতে পারেন।

এদিকে মন্ত্রীর দাবি, ব্যারাকপুর মেট্রো প্রকল্পের প্রয়োজনীয় ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে এবং প্রস্তাব ক্যাবিনেটে পাঠানো হয়েছে। কলকাতা পুরসভাও মেট্রোর কাজের জন্য এনওসি দিয়েছে বলে দাবি তাঁর।

তবে ঠিক কবে থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রোর কাজ শুরু হবে, তা স্পষ্ট করে জানাতে পারেননি মন্ত্রী। তাঁর দাবি, নির্দিষ্ট সময় সম্পর্কে এখনই তাঁর কাছে তথ্য নেই, তবে প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং প্রয়োজনীয় ক্লিয়ারেন্স হয়ে যাওয়ায় আর বড় কোনও সমস্যা হওয়ার কথা নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top