কলকাতা: নবমীর সন্ধ্যায় ভবানীপুরের ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির দুর্গাপুজোয় বিশেষ অতিথি হিসেবে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতা রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে তাঁর বাড়ির পুজোয় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ১০২ বছরের প্রাচীন এই দুর্গাপুজো শুধু মল্লিক পরিবারের ঐতিহ্য নয়, কলকাতার বনেদি বাড়ির দুর্গোৎসবেরও অন্যতম পরিচিত নিদর্শন। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয় বাড়তি উৎসাহ ও আনন্দের আবহ।
মল্লিক বাড়িতে এসে নিজের উপস্থিতির কারণও স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, রঞ্জিত মল্লিকের আমন্ত্রণেই পুজোয় এসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি মাননীয় রঞ্জিত মল্লিকের নিমন্ত্রণে এসেছি। কোয়েলের নিমন্ত্রণে নয়, এর সঙ্গে কোয়েল মল্লিকের কোনও সম্পর্ক নেই।” রঞ্জিত মল্লিকের সঙ্গে তাঁর আমন্ত্রণের সূত্র ধরেই এই পুজোয় আসা বলে জানান তিনি।
মল্লিক বাড়ির পুজোর পরিবেশ ও আতিথেয়তায় মুগ্ধ মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে বেরনোর সময় ঐতিহ্যবাহী নারকেল নাড়ু খাওয়ার কথাও জানান তিনি। শুভেন্দু বলেন, “নারকেল নাড়ু খেলাম। এ বাড়ির ঐতিহ্যের এতটুকু বদল ঘটেনি। এই ঐতিহ্য বাংলার থাকুক।” পাশাপাশি পুরনো বাড়ির ঐতিহ্য ও পরম্পরা ধরে রাখার জন্য রঞ্জিত মল্লিকের প্রশংসাও করেন তিনি। তাঁর মতে, চাইলেই বাড়িটি প্রোমোটিংয়ের পথে নিয়ে যাওয়া যেত, কিন্তু ঐতিহ্যের সঙ্গে আপস না করে তা ধরে রেখেছেন অভিনেতা।
মুখ্যমন্ত্রীর আগমনে খুশি অভিনেত্রী কোয়েল মল্লিকও। বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ, নারকেল নাড়ু খাওয়া এবং আরতিতে যোগ দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি নিজের আনন্দের কথা জানান। কোয়েল বলেন, তাঁদের পরিবারের পুরনো ঐতিহ্য বজায় রাখার কৃতিত্ব মল্লিক পরিবারের প্রত্যেক সদস্যের। পুরনো যৌথ পরিবারের মানসিকতা এখনও তাঁদের মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
সময়ের সঙ্গে কলকাতার নগরজীবন ও বাড়িঘরের চেহারা বদলালেও মল্লিক বাড়ির দুর্গাপুজোয় আজও অটুট পারিবারিক বন্ধন, পুরনো রীতি এবং বনেদিয়ানার আবহ। নবমীর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি সেই ঐতিহ্যবাহী উৎসবে যোগ করল নতুন মাত্রা।



















