দেশ – এক সময় ভারতীয় বাজার বিদেশি, বিশেষ করে চিনা খেলনায় ভরে থাকত। সেই খেলনাগুলির অনেকগুলিই ছিল নিম্নমানের, কম টেকসই এবং শিশুদের জন্য নিরাপত্তার দিক থেকেও প্রশ্নের মুখে। তবে গত কয়েক বছরে সেই ছবিতে বড় পরিবর্তন এসেছে। বর্তমানে ভারত শুধু নিজস্ব চাহিদা মেটাচ্ছে না, বরং বিশ্বের একাধিক উন্নত দেশেও ‘মেড ইন ইন্ডিয়া’ খেলনা রফতানি করছে।
লোকসভায় কেন্দ্র সরকারের উপস্থাপিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের খেলনা রফতানি ৮৯.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বিদেশ থেকে খেলনা আমদানি প্রায় ৩৭.৫ শতাংশ কমেছে। বর্তমানে আমেরিকা, জার্মানি, ব্রিটেন-সহ একাধিক দেশে ভারতীয় খেলনার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সরকারের দাবি, এই সাফল্যের অন্যতম কারণ হল খেলনার মান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ। ২০১৯ সালে চালানো এক সমীক্ষায় দেখা গিয়েছিল, ভারতীয় বাজারে বিক্রি হওয়া খেলনার মাত্র ৩৩ শতাংশ নির্ধারিত মান পূরণ করত। এরপর সরকার মান নিয়ন্ত্রণের নিয়ম আরও কঠোর করে এবং নিরাপত্তা সংক্রান্ত বিধি কার্যকর করে।
সেই পদক্ষেপের ফলেই বর্তমানে দেশের বাজারে উপলব্ধ প্রায় ৯৫ শতাংশ খেলনাই নির্ধারিত মান পূরণ করছে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের জন্য নিরাপদ, মানসম্মত এবং দেশীয়ভাবে তৈরি খেলনার ব্যবহার যেমন বেড়েছে, তেমনি আন্তর্জাতিক বাজারেও ভারতীয় খেলনা শিল্পের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।




















