রাজ্য – রাজ্যে সরকার পরিবর্তনের পর স্বাস্থ্য পরিষেবায় বড় উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘদিন ধরে রাজ্যে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু থাকলেও কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বহু মানুষ। সেই পরিস্থিতিতে এবার চালু হতে চলেছে নতুন প্রকল্প ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’, যার মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে।
উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, নতুন স্বাস্থ্যবীমা প্রকল্পে আয়ুষ্মান ভারতের মতোই প্রতিটি যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা পাবে। এর মূল লক্ষ্য, ব্যয়বহুল চিকিৎসার কারণে যাতে সাধারণ মানুষ আর্থিক সংকটে না পড়েন এবং সহজে উন্নত স্বাস্থ্য পরিষেবা পান।
মুখ্যমন্ত্রী আরও জানান, দেশের যেসব সরকারি ও বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের পরিষেবা উপলব্ধ রয়েছে, সেই একই হাসপাতালগুলিতেই ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’র সুবিধা পাওয়া যাবে। ফলে রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল খুঁজতে হবে না এবং বিস্তৃত হাসপাতাল নেটওয়ার্কের সুবিধা মিলবে।
রাজ্য সরকারের দাবি, নতুন এই প্রকল্প চালুর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং অধিক সংখ্যক মানুষ আধুনিক ও উন্নত চিকিৎসার আওতায় আসবেন। প্রকল্পের বাস্তবায়ন, আবেদন পদ্ধতি এবং কার্ড বিতরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।




















