মঙ্গলবার-বৃহস্পতিবার পুলিশের আধিকারিকদের সামনে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ! লালবাজারের নতুন নির্দেশিকায় বেঁধে দেওয়া হল নির্দিষ্ট সময়

মঙ্গলবার-বৃহস্পতিবার পুলিশের আধিকারিকদের সামনে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ! লালবাজারের নতুন নির্দেশিকায় বেঁধে দেওয়া হল নির্দিষ্ট সময়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – জনগণের অভিযোগ সরাসরি শুনে দ্রুত পদক্ষেপের ব্যবস্থা করতে এবার ফিল্ড-লেভেল পুলিশ আধিকারিকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশ। লালবাজার থেকে জারি করা নতুন নির্দেশিকায় থানার অফিসার-ইন-চার্জ থেকে শুরু করে অ্যাডিশনাল সিপি পদমর্যাদার আধিকারিকদের প্রতি সপ্তাহে দু’দিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।

নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের সাধারণ মানুষের অভিযোগ শুনতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তা দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ করতে হবে। এই সময় যাতে অন্য কোনও সরকারি বৈঠক, ফিল্ড ভিজিট বা প্রশাসনিক কর্মসূচি রাখা না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে কোনও কর্মসূচি এড়ানো সম্ভব না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগাম অনুমতি নিতে হবে এবং সাধারণ মানুষকেও সেই পরিবর্তনের বিষয়ে জানাতে হবে।

সাধারণ মানুষের কাছে এই ব্যবস্থা পৌঁছে দিতে প্রতিটি সংশ্লিষ্ট অফিসের প্রবেশপথে নির্দিষ্ট মাপের বোর্ড বসানোর নির্দেশও দেওয়া হয়েছে। অন্তত ৩ ফুট × ২ ফুট মাপের ওই বোর্ডে বাংলা, ইংরেজি ও হিন্দি—তিন ভাষায় সাক্ষাতের দিন ও সময় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকের সরকারি অফিসের ঠিকানা এবং মোবাইল নম্বরও সেখানে প্রদর্শন করতে হবে।

শুধু অফিসের বাইরে নয়, কলকাতা পুলিশের সরকারি ওয়েবসাইটেও সংশ্লিষ্ট আধিকারিকদের এই তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। ডিভিশন স্তরেও একইভাবে তথ্য প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ফলে আলাদা কোনও নতুন কমিউনিটি পুলিশিং প্রকল্পের বদলে পুলিশ আধিকারিকদের নিয়মিতভাবে সাধারণ মানুষের মুখোমুখি বসিয়ে অভিযোগ শোনার ব্যবস্থাকেই এবার আরও প্রাতিষ্ঠানিক রূপ দিল লালবাজার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top