রাজ্য – রবীন্দ্র সরোবর ও সংলগ্ন এলাকা পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে পরিকাঠামো—একাধিক বিষয় খতিয়ে দেখলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার সরোবর ঘুরে কোথাও নোংরা জমে রয়েছে কি না, তা দেখার পাশাপাশি এলাকাটিকে আরও সুন্দর করে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। একইসঙ্গে সরোবরের দায়িত্বে KMDA থাকলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে বলেও জানান মন্ত্রী।
রবীন্দ্র সরোবরে থাকা ‘মা ফিরে এলো’ গ্যালারিও পরিদর্শন করেন অগ্নিমিত্রা পাল। দুর্গা মিউজিয়াম হিসেবে পরিচিত এই গ্যালারিতে কলকাতার বিভিন্ন পুজোর বিখ্যাত ও পুরস্কারপ্রাপ্ত প্রতিমা সারা বছর সংরক্ষণ করে রাখা হয়। গ্যালারি দেখে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, “অপূর্ব সুন্দর।” পাশাপাশি গ্যালারির আলোকসজ্জা কিছুটা পরিবর্তন করে কম আলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিমাগুলির রক্ষণাবেক্ষণ এবং বাইরে থাকা দু’টি মূর্তির দেখভালের বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
সরোবরের ফুটপাত মেরামতের পাশাপাশি শৌচালয়গুলিকে আরও উন্নত করার কথাও বলেছেন অগ্নিমিত্রা পাল। তাঁর পরিকল্পনা, শৌচালয়ের পরিকাঠামো এমনভাবে গড়ে তোলা হবে যাতে তা পাঁচতারা হোটেল বা বিমানবন্দরের মতো আধুনিক হয়। KMDA-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে সরোবরের দায়িত্ব KMDA-এর হাতে থাকলে সেই দায়িত্ব পালন করা হবে। তাঁর বক্তব্য, “আগের সরকার তো কোনও দায়িত্বই নেয়নি। তাই আমাদের কাজ আমাদেরই করতে হবে।”
এদিন রবীন্দ্র সরোবরের জলের গুণমান নিয়েও বড় পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তাঁর দাবি, আগের তুলনায় সরোবরের জল অনেকটাই স্বচ্ছ হয়েছে এবং দূষিত জল লেকে মেশার বিষয়টি নিয়ন্ত্রণে এসেছে। এবার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের জল পরিশোধনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। অগ্নিমিত্রা বলেন, এমন একটি ব্যবস্থা করা সম্ভব, যাতে জল পরিশোধনের পর তা গ্লাসে নিয়ে পানও করা যায়। এই পরিকল্পনার কথা KMDA-কেও জানানো হয়েছে বলে জানান তিনি।




















