দক্ষিন চব্বিশ পরগনা – রেলের উচ্ছেদ অভিযানের কোপ থেকে আপাতত রেহাই পেল যাদবপুর স্টেশন চত্বরের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। মঙ্গলবার গভীর রাতে কয়েক ঘণ্টার টানটান উত্তেজনা, বিক্ষোভ এবং প্রশাসনের সঙ্গে আলোচনার পর আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে কোনও দোকান বা জীবিকার উৎস ভাঙা হচ্ছে না বলে আশ্বাস মিলেছে।
মঙ্গলবার রাতে যাদবপুর স্টেশনের বাইরে আচমকাই উচ্ছেদ অভিযানের প্রস্তুতি হিসেবে বুলডোজার পৌঁছনোর খবর ছড়িয়ে পড়ে। খবর ছড়াতেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় ব্যবসায়ী ও হকারদের আশঙ্কা ছিল, গভীর রাতের সুযোগ নিয়ে হঠাৎ উচ্ছেদ অভিযান চালানো হতে পারে।
পরিস্থিতির কথা জানতে পেরে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বাম নেতা সৃজন ভট্টাচার্য। তাঁর নেতৃত্বে বাম কর্মী-সমর্থকেরা স্টেশন চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। তাঁদের দাবি ছিল, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই হকারদের উচ্ছেদ করা চলবে না। প্রয়োজন হলে রাতভর অবস্থান করে হকারদের পাশে থাকার বার্তাও দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ এবং দীর্ঘ আলোচনার পর প্রশাসনের তরফে জানানো হয়, আপাতত যাদবপুর স্টেশন এলাকায় কোনও উচ্ছেদ অভিযান চালানো হবে না। আগামী দিনে রেল ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান খোঁজার চেষ্টা করা হবে। ব্যবসায়ীদের মতামতও গুরুত্ব দিয়ে শোনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
সৃজন ভট্টাচার্য জানান, পুলিশ ও রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তাঁরা জানিয়েছেন যে আগামী কিছুদিন এই এলাকায় উচ্ছেদের কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, এটি কোনও রাজনৈতিক দলের বিষয় নয়, বরং এলাকার সাধারণ মানুষের জীবিকা ও অধিকার রক্ষার প্রশ্ন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।
পুনর্বাসনের প্রসঙ্গ তুলে তিনি আরও দাবি করেন, বিদ্যমান আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না করে দীর্ঘদিনের ব্যবসায়ী ও বাসিন্দাদের সরানো যাবে না। সেই অধিকার রক্ষায় আইনি লড়াইও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে রেল সূত্রে খবর, স্টেশন চত্বরের বেআইনি দখলদারি সরানোর পরিকল্পনা দীর্ঘদিন ধরেই রয়েছে। সম্প্রতি হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বরে বেআইনি দখল উচ্ছেদে বড়সড় অভিযান চালানো হয়েছে। বিভিন্ন এলাকায় অস্থায়ী ঝুপড়ি, দোকান এবং অবৈধ নির্মাণ সরাতে বুলডোজারও ব্যবহার করা হয়েছে।
সূত্রের দাবি, হাওড়া ও শিয়ালদহ মিলিয়ে ইতিমধ্যেই শতাধিক অস্থায়ী দোকান ও ঝুপড়ি উচ্ছেদ করা হয়েছে। সেই আবহেই যাদবপুরে উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আপাতত আলোচনার আশ্বাস এবং উচ্ছেদ স্থগিতের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।




















