জাতীয় —
ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে? কিংবা মাঝরাতে ট্রেন বদলানোর সময় কয়েক ঘণ্টা বিশ্রামের প্রয়োজন? যাত্রীদের এমন সমস্যার কথা মাথায় রেখে মাত্র ৯৯ টাকা থেকেই শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং পড চালুর পরিকল্পনা করছে ভারতীয় রেল। আপাতত কেরলের দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ঘণ্টার হিসাবে ভাড়া দিয়ে আরাম করে বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা।
মাত্র ৯৯ টাকা থেকেই স্টেশনে বিশ্রামের সুযোগ!
জানা যাচ্ছে, দক্ষিণ রেলের অধীনে কেরলের আলুভা এবং এর্নাকুলাম জংশন স্টেশনে এই স্লিপিং পড পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত পরিষেবায় শীতাতপ নিয়ন্ত্রণের পাশাপাশি মোবাইল ও অন্যান্য ডিভাইস চার্জ করার ব্যবস্থা এবং হাই-স্পিড ওয়াই-ফাইয়ের মতো সুবিধা থাকার কথা।
ফলে ট্রেন দেরিতে চললে কিংবা নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে পৌঁছে গেলে যাত্রীদের আর দীর্ঘক্ষণ অপেক্ষাকক্ষে বসে থাকতে হবে না। ঘণ্টা অনুযায়ী ভাড়া দিয়ে স্লিপিং পডে বিশ্রাম নিতে পারবেন তাঁরা। প্রাথমিকভাবে ভাড়া ৯৯ টাকা থেকে শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।
হাওড়াতেও কি চালু হবে এই পরিষেবা?
প্রাথমিকভাবে কেরলের দুটি স্টেশনে এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হলেও, মডেলটি সফল হলে দেশের অন্যান্য বড় জংশন স্টেশনেও এমন ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে হাওড়া স্টেশনেও স্লিপিং পড পরিষেবা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।
তবে হাওড়া-সহ দেশের অন্য স্টেশনগুলিতে এই পরিষেবা চালুর বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট ঘোষণা সামনে আসেনি। একইভাবে পরিষেবা শুরুর দিনক্ষণ, বুকিং পদ্ধতি এবং চূড়ান্ত ভাড়ার বিষয়েও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।




















