মাদক ও বেআইনি মদের বিরুদ্ধে কড়া অভিযান শুরু, দুই সপ্তাহ জুড়ে বিশেষ নির্দেশ লালবাজারের

মাদক ও বেআইনি মদের বিরুদ্ধে কড়া অভিযান শুরু, দুই সপ্তাহ জুড়ে বিশেষ নির্দেশ লালবাজারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – মাদক ও বেআইনি মদের কারবার রুখতে বিশেষ অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই শুরু হওয়া এই অভিযান টানা দুই সপ্তাহ চলবে। শহরের প্রতিটি থানা এবং গোয়েন্দা বিভাগকে এ বিষয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিটি ডিভিশনের ডিসির নির্দেশে সংশ্লিষ্ট থানার ওসি এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হবে। পাশাপাশি গোয়েন্দা বিভাগের বিভিন্ন শাখাও তল্লাশি অভিযানে অংশ নেবে।

লালবাজারের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ডিভিশনের ডিসিকে অভিযান শুরুর আগে বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে হবে এবং গোটা অভিযানের উপর সরাসরি নজরদারি রাখতে হবে। পুলিশের মূল লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব মাদকদ্রব্য ও বেআইনি মদ উদ্ধার করে এই ধরনের অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

অভিযান চলাকালীন যে সমস্ত মামলা দায়ের হবে, তার দৈনিক রিপোর্ট লালবাজারের ক্রিমিনাল রেকর্ডস শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে সমস্ত তথ্য পুলিশ কমিশনারের দপ্তরে জমা পড়বে, যাতে অভিযানের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা যায়।

এছাড়াও কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকদেরও নিজ নিজ এলাকায় মাদক ও বেআইনি মদের কারবার নির্মূল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরে অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top