রাজ্য – আগামী ১ আগস্ট থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নেবে ইসকন। সোমবার বিকাশ ভবনে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দও ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, ইসকন ভর্তুকি দিয়ে উচ্চমানের খাবার সরবরাহ করবে।
মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের আদর্শে চলবে এবং রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম ও ইসকনের দেখানো পথ অনুসরণ করবে। সেই ভাবনা থেকেই মিড ডে মিল প্রকল্পে ইসকনকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিম নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে তিনি বিস্তারিত মন্তব্য না করে জানান, এ বিষয়ে পরে আরও জানানো হবে।
এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পাইলট প্রকল্প হিসেবে প্রথমে কলকাতায় ইসকনের মাধ্যমে মিড ডে মিল সরবরাহ শুরু হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার ১ আগস্ট থেকে প্রকল্পটি কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে।
তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের একাংশের প্রশ্ন, মিড ডে মিলে ডিমের পরিবর্তে অন্য ব্যবস্থা হলে শিশুদের পুষ্টির বিষয়টি কীভাবে নিশ্চিত করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে এই প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়েছে এবং রাজ্য সরকারকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।




















