বিনোদন – রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সোমবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করলেন থলপতি বিজয়। চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমকে নেতা তথা স্ট্যালিন-পুত্র উদয়নিধি স্ট্যালিনও। নতুন মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সোমবার সকালে স্ট্যালিনের বাসভবনে পৌঁছে যান বিজয়। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। দু’জনকে একে অপরকে আলিঙ্গন করতেও দেখা যায়। সাক্ষাতের একটি ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কালো স্যুট পরিহিত বিজয় হাতজোড় করে স্ট্যালিনকে অভিবাদন জানাচ্ছেন। পাল্টা নমস্কার জানান ডিএমকে প্রধানও।
যদিও গোটা ঘটনাকে একটি সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করেছেন থলপতি বিজয়, তবুও রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বৈঠকের তাৎপর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে দুই নেতার মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।
সূত্রের খবর, বৈঠকে স্ট্যালিন নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে বিজয়ও স্পষ্ট বার্তা দিয়েছেন যে তিনি তামিলনাড়ু এবং রাজ্যের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করতে চান। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও তুলে ধরেছেন দক্ষিণী সুপারস্টার-রাজনীতিক।
তামিল রাজনীতিতে থলপতি বিজয়ের উত্থান নিয়ে আগে থেকেই জোর আলোচনা চলছিল। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর তাঁর প্রথমদিকের রাজনৈতিক পদক্ষেপগুলির উপর নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। সেই আবহেই স্ট্যালিনের সঙ্গে এই সাক্ষাৎ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।




















