মুর্শিদাবাদ ট্রেন-পুলকার দুর্ঘটনা: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গেটম্যান ও সুপারভাইজার সাসপেন্ড

মুর্শিদাবাদ ট্রেন-পুলকার দুর্ঘটনা: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গেটম্যান ও সুপারভাইজার সাসপেন্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন-পুলকার দুর্ঘটনার পর মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে পূর্ব রেল। একই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যান এবং তাঁর সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন দিয়ে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন আসার সময় একটি স্কুলভ্যান লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ভ্যানটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই স্কুলপড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় চার পড়ুয়া এবং ভ্যানচালককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মোট পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আপ লাইন দিয়ে একটি ট্রেন চলে যাওয়ার পরও লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল। সেই সুযোগে স্কুলভ্যানটি রেললাইন পার হতে গেলে ঠিক তখনই ডাউন লাইন দিয়ে দ্রুতগতিতে আসে নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেন এবং ভ্যানটিকে ধাক্কা মারে। স্থানীয়দের একাংশের অভিযোগ, গেটম্যানের চরম গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও কয়েকজনের দাবি, ঘটনার সময় গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চিত বক্তব্য জানানো হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top