কলকাতা —
কলকাতা মেডিক্যাল কলেজে ইন্টার্নদের শো-কজ় প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষের ঘর ঘেরাও করে বিক্ষোভ এবং কলেজ স্ট্রিটে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের বইয়ের স্টল ঘিরে অশান্তি—এই দুই ঘটনাকে কেন্দ্র করে বামেদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেডিক্যাল কলেজকে ‘কমিউনিস্টদের নৈরাজ্য তৈরির জায়গা’ হতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রয়োজন পড়লে কয়েক সেকেন্ডের মধ্যেই হাসপাতালে পুলিশ পৌঁছে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর কটাক্ষ, ভোটে জেতার ক্ষমতা নেই বলেই বইয়ের স্টলকে কেন্দ্র করে রাজনীতি করছে বামেরা।
চোরবাগান কাণ্ডের রাতে কলকাতা মেডিক্যাল কলেজে আহতদের চিকিৎসা, সরকারি হাসপাতালের পরিকাঠামো এবং জরুরি ওষুধের অভাব নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন একদল জুনিয়র চিকিৎসক। তাঁদের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পরই আট ইন্টার্নকে শো-কজ় করে কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ওই ইন্টার্নেরা ডিউটিতে থাকা সত্ত্বেও সাংবাদিক বৈঠক করেছিলেন এবং হাসপাতালের ওষুধের মজুত নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন। তিন দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়।
বুধবার ওই শো-কজ় নোটিস প্রত্যাহারের দাবিতে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘর ঘেরাও করেন চিকিৎসক-পড়ুয়ারা। অভিযোগ, কলেজ কাউন্সিলের বৈঠকে শো-কজ় প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও পরে অধ্যক্ষ সেই অবস্থান থেকে সরে আসেন। এর পরেই ঘেরাও কর্মসূচি শুরু হয়।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে অধ্যক্ষের ঘরের বাইরের করিডরের কাচ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে। আন্দোলনকারীদের উপর এবিভিপি কর্মীদের হামলার অভিযোগও ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অধ্যক্ষ-সহ একাধিক শিক্ষক ও চিকিৎসক ঘেরাওয়ের মধ্যে আটকে পড়েছিলেন বলে খবর।
এই ঘটনাকে কেন্দ্র করেই বামেদের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে স্পষ্ট, মেডিক্যাল কলেজে কোনও ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দ্রুত পুলিশি পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে, কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বইয়ের স্টল ঘিরে অশান্তির ঘটনাকেও রাজনৈতিক কটাক্ষের হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী।




















