কলকাতা – কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৭ জুলাই থেকে ব্লু লাইন এবং গ্রিন লাইনে সকাল ৬টা থেকেই মেট্রো পরিষেবা শুরু হবে। একই সঙ্গে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে শেষ মেট্রো। নতুন সময়সূচি কার্যকর হলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং নিত্যযাত্রীদের যাতায়াতে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে এবং প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে, গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো পাওয়া যায় সকাল ৬টা ৩৯ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়ে রাত ১০টা ৫ মিনিটে। নতুন সময়সূচি চালু হলে এই পরিষেবার সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ২৭ জুলাই থেকে ব্লু লাইনে দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো সকাল ৬টায় ছাড়বে এবং শেষ মেট্রো চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। একইভাবে গ্রিন লাইনে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ রুটেও সকাল ৬টায় প্রথম মেট্রো চলাচল শুরু হবে এবং প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়।
সোমবার থেকে শনিবার পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে। রবিবার ব্লু ও গ্রিন—উভয় লাইনে সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনের প্রতিটি স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নতুন এই সিদ্ধান্তে নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।




















