কলকাতা: রাজ্যের বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম মানুষের জন্য মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, মাসিক ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। আগামী ১ অগস্ট থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে এবং যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে নতুন হারে অর্থ পৌঁছাবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পরিচালিত ‘জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি’ (NSAP)-এর আওতাধীন তিনটি প্রধান সামাজিক নিরাপত্তা প্রকল্পে এই অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট প্রকল্পগুলির প্রত্যেক উপভোক্তা প্রতি মাসে আগের তুলনায় অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন।
সরকার জানিয়েছে, উপভোক্তাদের যাতে কোনও ধরনের সমস্যার মুখে পড়তে না হয়, সেজন্য আগের মতোই ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) ব্যবস্থার মাধ্যমে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার অর্থ পাঠানো হবে। প্রশাসনের আশা, এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম মানুষের আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে।



















