হাওড়া – হাওড়ার ঐতিহ্যবাহী দেউলটি স্টেশনের নাম পরিবর্তন করে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার দাবি উঠল। এই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দফতরে লিখিত প্রস্তাব জমা দিয়েছে অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখা। মঙ্গলবার দিল্লিতে গিয়ে সংগঠনের রাজ্য কমিটির প্রতিনিধি দল এই প্রস্তাব জমা দেয়।
সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে প্রতিনিধি দলটি দিল্লিতে গিয়ে এই ডেপুটেশন দেয়। তাঁদের বক্তব্য, দেউলটি শুধু একটি স্টেশন নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যচর্চার সঙ্গেও এই এলাকার গভীর যোগ রয়েছে। সেই ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও স্মরণীয় করে রাখতেই স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।
চন্দ্রচূড় গোস্বামীর দাবি, শরৎচন্দ্র তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে প্রচলিত সামাজিক নীতি-নৈতিকতার ঊর্ধ্বে উঠে মানবতাকে মানুষের প্রধান পরিচয় হিসেবে তুলে ধরেছিলেন। পাশাপাশি শোষিত ও নিপীড়িত মানুষের জীবনযন্ত্রণা এবং তাঁদের বাস্তবতাও তাঁর লেখায় বারবার উঠে এসেছে।
এই কারণেই কথাশিল্পীর স্মৃতিকে সম্মান জানাতে দেউলটি স্টেশনের নাম তাঁর নামে করার দাবি জানিয়েছে হিন্দুমহাসভার রাজ্য শাখা। এখন এই প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, সেদিকেই নজর থাকবে।




















