রাজ্য – পূর্বতন সরকারের আমলে চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, তদন্তে একাধিক ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলির মাধ্যমে মহিলাদের জন্য বরাদ্দ সরকারি অর্থ বেআইনিভাবে অন্যদের হাতে পৌঁছে যাচ্ছিল।
মুখ্যমন্ত্রীর দাবি, ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর প্রশাসনিক প্রস্তুতির সময়ই এই অনিয়মের বিষয়টি সামনে আসে। তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ২২টি সন্দেহজনক বা ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান। অভিযোগ, সরকারি নিয়ম লঙ্ঘন করে এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রকল্পের অর্থ তোলা হচ্ছিল।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তদন্তে একটি অ্যাকাউন্ট রাকিবুল নামে এক ব্যক্তির সঙ্গে যুক্ত বলে চিহ্নিত হয়েছে। এছাড়া ১৫টি অ্যাকাউন্টের সঙ্গে মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী তুহিনার নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের নামে রয়েছে বলেও প্রশাসনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানান তিনি।
এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি গোটা চক্রের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে SIT-কে পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, প্রকল্পের অর্থ আত্মসাতের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না এবং গোটা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হবে।
বিরোধী শিবিরকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, প্রকল্পের সুযোগ নিয়ে বহু মানুষ বেআইনিভাবে সরকারি অর্থ তুলেছেন। এই ঘটনার মাধ্যমে পূর্বতন প্রশাসনিক ব্যবস্থার একাধিক ত্রুটি সামনে এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিন ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পের আবেদনপত্র নিয়ে বিভিন্ন মহলে ছড়ানো বিভ্রান্তির সমালোচনা করে তিনি বলেন, ফর্মের পাতা সংখ্যা নিয়ে যেসব দাবি করা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবেদন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন এবং প্রশাসনকে সহযোগিতা করছেন বলেও তিনি জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সোমবার থেকেই ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন আবেদন প্রক্রিয়া পূর্ণমাত্রায় শুরু হয়েছে। প্রশাসনের আশা, আগামী কয়েক দিনের মধ্যেই বিপুল সংখ্যক আবেদন জমা পড়বে এবং যাচাই প্রক্রিয়াও দ্রুত এগোবে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার রাজ্য মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানে অন্নপূর্ণা যোজনার অগ্রগতি, আবেদন প্রক্রিয়া এবং লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত অভিযোগের তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।




















