লোকসভায় বদল তৃণমূলের আসন বিন্যাস, প্রথম সারিতে ফিরলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

লোকসভায় বদল তৃণমূলের আসন বিন্যাস, প্রথম সারিতে ফিরলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে লোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। লোকসভার সচিবালয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের আসন বিন্যাসেও গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। নতুন বিন্যাস অনুযায়ী, প্রথম সারির আসনে ফিরছেন দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় সারিতে বসতে হবে।

এতদিন লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সারির ৩৫৪ নম্বর আসনে বসতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই আসনে এবার বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরাদ্দ করা হয়েছে ২৮১ নম্বর আসন, যেখানে আগে বসতেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

নতুন আসন বিন্যাসে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের আরও কয়েকজন সাংসদের আসনেও পরিবর্তন আনা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসনও আরও পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে দলের একাধিক সাংসদের আসনের অবস্থানেও পরিবর্তন হয়েছে।

উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় অতীতেও তৃণমূলের লোকসভা দলনেতা থাকাকালীন প্রথম সারির আসনেই বসতেন। পরে দলের নেতৃত্বে পরিবর্তনের পর সেই আসনে বসতে শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ সিদ্ধান্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার তাঁর আগের আসন ফিরে পেলেন।

এদিকে, অধিবেশন শুরুর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে ছোট দলগুলিকে প্রথম সারিতে আসন না দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এরপরই নতুন আসন বিন্যাস প্রকাশ্যে আসে। তবে আসন পরিবর্তন নিয়ে লোকসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top