মহিলাদের নিরাপত্তায় কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, শুরু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর বিশেষ অভিযান

মহিলাদের নিরাপত্তায় কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, শুরু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর বিশেষ অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – মহিলাদের প্রতি অপরাধ এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে সোমবার থেকে শহরজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে কলকাতা পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। আগামী ৩০ দিনের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহরের ৬০টি থানার আওতায় মোট ১২০টি গুরুত্বপূর্ণ এলাকাকে এই অভিযানের জন্য চিহ্নিত করেছে লালবাজার।

এতদিন মূলত স্কুটিতে টহল দিয়ে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করত ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। এবার সেই দায়িত্বের পাশাপাশি তাদের উপর সচেতনতামূলক প্রচারের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে স্কোয়াডকে কেন্দ্র করে একটি যুগ্ম টহলদারি দল গঠন করা হয়েছে। এই দলে থাকবেন সংশ্লিষ্ট থানার পুলিশকর্মী, সাইবার থানার আধিকারিক, মহিলা থানার সদস্য এবং পুলিশের মহিলা সেলের প্রতিনিধিরা।

অভিযান চলাকালীন প্রতিদিন দুটি থানার চারটি নির্দিষ্ট এলাকায় গিয়ে সচেতনতামূলক লিফলেট বিলি করা হবে। প্রয়োজন হলে মাইকের মাধ্যমে প্রচার চালানো হবে। পাশাপাশি রাস্তার মোড় বা জনবহুল এলাকায় ছোট ভিডিও প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে মহিলাদের নিরাপত্তা ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করা হবে।

শুধু প্রচারেই নয়, সাধারণ মানুষের প্রশ্নেরও উত্তর দেবেন পুলিশ আধিকারিকরা। মহিলাদের নিরাপত্তা, সাইবার প্রতারণা বা আইন সংক্রান্ত যে কোনও বিষয়ে সরাসরি আলোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। এই কর্মসূচির জন্য ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর ১০টি স্কুটি ও একটি বিশেষ গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়াও সংশ্লিষ্ট থানার পুলিশ, সাইবার থানার দল এবং গোয়েন্দা বিভাগের মহিলা টিম এই অভিযানে সহযোগিতা করবে। পুরো কর্মসূচির তদারকির দায়িত্ব থাকবে লালবাজারের ঊর্ধ্বতন আধিকারিকদের উপর। কলকাতা পুলিশের আশা, এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং সাইবার অপরাধ প্রতিরোধেও সাধারণ মানুষ বেশি সতর্ক হবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top