কলকাতা: শুধু একটি হাসপাতাল তৈরি নয়, তার সঙ্গে গোটা একটি স্বাস্থ্যকেন্দ্রিক পরিকাঠামো গড়ে তুলে কলকাতাকে পূর্ব ভারতের অন্যতম বড় চিকিৎসা-গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভূমিপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পকে কেন্দ্র করে একটি ‘সম্পূর্ণ সুসংহত স্বাস্থ্য নগরী’ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে বাংলার রোগীদের চিকিৎসার জন্য অন্য রাজ্যে যাওয়ার প্রবণতা কমানোর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও রোগী টানার পরিকাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে।
বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাবের ৫১.৭৫ একর জমিতে তৈরি হবে ‘আদানি আরোগ্য মন্দির’। বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি এবং তাঁর স্ত্রী প্রীতি ও পুত্র করণ আদানি। আদানি ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হতে চলা এই প্রকল্পে ৪,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
প্রস্তাবিত এই স্বাস্থ্যকেন্দ্রে থাকবে ২,০০০ শয্যার মাল্টি সুপার-স্পেশালিটি হাসপাতাল। পাশাপাশি স্টেপ-ডাউন এবং ট্রানজিশনাল কেয়ার পরিষেবার ব্যবস্থাও রাখা হবে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, বছরে দুই লক্ষের বেশি ইনডোর এবং ২০ লক্ষের বেশি আউটডোর রোগীকে পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
হাসপাতালকে কেন্দ্র করে তৈরি হতে চলা এই বৃহত্তর স্বাস্থ্য-ইকোসিস্টেমে কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও জানিয়েছে আদানি গোষ্ঠী। প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ফলে চিকিৎসা পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো, কর্মসংস্থান এবং হেলথ ট্যুরিজ়ম—এই তিন ক্ষেত্রেই নিউটাউনের এই প্রকল্পকে ঘিরে বড় পরিকল্পনা সামনে এসেছে।




















