দেশ – ভারতের প্রথম হাই-স্পিড বুলেট ট্রেন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ১৫ আগস্ট থেকে মুম্বই-আহমেদাবাদ করিডরে দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু হতে পারে। বহু প্রতীক্ষিত এই প্রকল্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।
প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ গুজরাতের ভাদোদরা বুলেট ট্রেন স্টেশনের নির্মাণকাজও দ্রুত গতিতে চলছে। স্টেশনের মূল কংক্রিট কাঠামোর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টিলের বিম ও স্তম্ভ বসানোর কাজ চলছে, যা স্টেশনের ছাদ, প্ল্যাটফর্ম এবং বহির্ভাগের কাঠামো নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)-এর পরিকল্পনা অনুযায়ী, ভাদোদরা স্টেশনকে আন্তর্জাতিক মানের আধুনিক পরিবহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। যাত্রীদের সুবিধার জন্য সেখানে মাল্টি-লেভেল পার্কিং, এস্কেলেটর, লিফ্ট, প্রশস্ত ওয়েটিং লাউঞ্জ, ফুড কোর্ট এবং একাধিক বাণিজ্যিক আউটলেট তৈরি করা হবে।
এছাড়াও স্টেশনটিকে এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে, যাতে ভারতীয় রেল, বাস টার্মিনাস এবং স্থানীয় পরিবহণ ব্যবস্থার সঙ্গে সহজ সংযোগ স্থাপন করা যায়। এর ফলে এক পরিবহণ ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় যাতায়াত আরও সহজ হবে এবং যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে আশা করা হচ্ছে।




















