কলকাতা: সরকারের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিকেলে একটি বেসরকারি হোটেলে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে যোগ দেন তিনি। প্রশিক্ষণ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠন ও সরকারের মধ্যে আরও বেশি সমন্বয় এবং ঐক্যবদ্ধতার উপর জোর দেন শুভেন্দু।
তিনি বলেন, “সরকার এত কাজ করছে। মানুষের পাশে যেতে হবে।” তাঁর বক্তব্য, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে দলের কর্মীদের আরও সক্রিয় হতে হবে।
প্রশিক্ষণ শিবিরে দলের আদর্শ নিয়েও কর্মীদের কড়া বার্তা দেন শুভেন্দু। তাঁর কথায়, দলের দুটি মূল আদর্শের সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশপ্রেম ও রাষ্ট্রবাদ এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ তথা জনকল্যাণের আদর্শকে সামনে রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ গড়ে তুলতে সেবামূলক কর্মসূচির উপরও গুরুত্ব দেন শুভেন্দু। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন থেকে ২ অক্টোবর গান্ধীজয়ন্তী পর্যন্ত এবং ২৩ জুন আত্মবলিদান দিবস থেকে ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পর্যন্ত সেবাপক্ষ পালনের কথা জানান তিনি।
সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার, মানুষের কাছে পৌঁছনো এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করার বার্তাই এদিনের প্রশিক্ষণ শিবির থেকে দেন শুভেন্দু অধিকারী।




















