নয়াদিল্লি: মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ উজবেকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার পথে বড় পদক্ষেপ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহের ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও উজবেকিস্তান।
পাশাপাশি দুই দেশের সম্পর্ককে ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার ঘোষণা করা হয়েছে। এর ফলে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি কূটনীতি, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাশখন্দ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, ডিজিটাল যোগাযোগ, শক্তি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো একাধিক বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী জানান, ভারতের ‘বিকশিত ভারত ২০৪৭’ এবং উজবেকিস্তানের ‘উজবেকিস্তান-২০৩০’ উন্নয়ন পরিকল্পনার মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হবে। দুই দেশের ব্যবসায়ী ও শিল্পমহলের মধ্যে যোগাযোগ বাড়াতে যৌথ ব্যবসায়িক সম্মেলন আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এদিকে, তাশখন্দ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে।




















