সরানোর পর ফের অফিসে সাইনবোর্ড টাঙালেন অভিষেক, ক্যামাক স্ট্রিটে কেএমসি-পুলিশের অভিযান ঘিরে বিতর্ক

সরানোর পর ফের অফিসে সাইনবোর্ড টাঙালেন অভিষেক, ক্যামাক স্ট্রিটে কেএমসি-পুলিশের অভিযান ঘিরে বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে হঠাৎই হাজির হন কলকাতা পুরসভার আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল পুলিশও। অভিযোগ, কোনও নোটিশ বা বৈধ অর্ডারের কপি না দেখিয়েই অফিসের বাইরে থাকা সাইনবোর্ড ও হোর্ডিং সরানোর উদ্যোগ নেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও পুর আধিকারিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। পরে বৃহস্পতিবার রাতেই ফের অফিসের বাইরে সাইনবোর্ড টাঙিয়ে দেন অভিষেক। ফলে সাইনবোর্ড সরানো এবং তা ফের লাগানোকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

রাতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক অভিযোগ করেন, ক্যামাক স্ট্রিটে যে পুর আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে এসেছিলেন, তাঁদের কারও ব্যাচ বা পরিচয়পত্র ছিল না। তাই তাঁরা আদৌ কলকাতা পুরসভার আধিকারিক কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অভিষেকের বক্তব্য, পুর আধিকারিকদের কাছে বৈধ অর্ডারের কপি থাকলে তা দেখাতে হবে। প্রয়োজন হলে সেই নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। একইসঙ্গে ব্যক্তিগত বা দলীয় অফিসে সাইনবোর্ড কোথায় লাগানো হবে, তা অন্য কোনও রাজনৈতিক দল ঠিক করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

অভিষেক আরও অভিযোগ করেন, অফিসে ঢোকার আগে কোনও নোটিশ দেওয়া হয়নি এবং তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সেখানে তছনছ করা হয়েছে। এই গোটা ঘটনার পিছনে বিজেপির পরিকল্পনা রয়েছে বলেও অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তবে এই অভিযোগের সত্যতা এবং পুরসভার অভিযানের আইনি ভিত্তি নিয়ে প্রশাসনের তরফে কী ব্যাখ্যা দেওয়া হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top