উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া পেট্রাপোলে গাছের গুড়ির আড়াল থেকে উদ্ধার হল দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি তাজা কার্তুজ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে যশোর রোডের ধারে হরিদাসপুর সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালায় পেট্রাপোল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই এলাকায় তল্লাশি শুরু করা হয়। যশোর রোডের পাশে একটি গাছের গুড়ির ফাঁকে সন্দেহজনকভাবে রাখা একটি কাপড়ের ব্যাগ নজরে আসে পুলিশের। ব্যাগটি খুলতেই তার ভিতর থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার হয়।
পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পেট্রাপোল থানার ওসি এবং বনগাঁর এসডিপিও। তাঁদের উপস্থিতিতে এলাকাজুড়ে আরও তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে।
অস্ত্রগুলি সেখানে কীভাবে এল, কারা সেগুলি রেখেছিল এবং এর সঙ্গে কোনও অস্ত্র পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



















