খেলা – বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল নেদারল্যান্ডস। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে পরাজিত করে ডাচরা গ্রুপের শীর্ষস্থান দখল করেছে। ব্রায়ান ব্রবি এবং কোডি গাকপোর জোড়া গোলের সুবাদে একতরফা এই জয়ে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেল ডেনজেল ডামফ্রিসদের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় নেদারল্যান্ডসকে। হাই প্রেসিং কৌশলে সুইডেনের রক্ষণভাগকে চাপে ফেলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই প্রথম গোল পেয়ে যায় ডাচরা। কোডি গাকপোর নিখুঁত পাস থেকে ব্রায়ান ব্রবি গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন ব্রবি।
প্রথমার্ধের শেষ দিকে সুইডেন গোল শোধের চেষ্টা চালালেও সফল হতে পারেনি। ৪৫ মিনিটে একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর গিওকেরেসের ফ্রি-কিক এবং ইয়াসিন আয়ারির শট দক্ষতার সঙ্গে রুখে দেন ডাচ গোলরক্ষক রবার্ট ভারব্রুগেন। ফলে ২-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও ভয়ংকর হয়ে ওঠে ডাচ আক্রমণ। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় গোল করে ব্যবধান ৩-০ করেন কোডি গাকপো। মাত্র সাত মিনিট পর আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন লিভারপুল তারকা। তখন স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
৫৯ মিনিটে প্রতি-আক্রমণ থেকে বদলি হিসেবে নামা অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি গোল শোধ করেন। তবে তাতে ম্যাচের ফলাফলে কোনও প্রভাব পড়েনি। ম্যাচের শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে ক্রিসেনসিও সামারভিল আরও একটি গোল করে সুইডেনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে উঠে এসে নকআউট পর্বের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ডাচরা।


















