আত্মনির্ভর ভারতের নৌশক্তিতে নতুন সংযোজন, নৌবাহিনীর হাতে তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ

আত্মনির্ভর ভারতের নৌশক্তিতে নতুন সংযোজন, নৌবাহিনীর হাতে তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই জাহাজগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন তিনটি জাহাজ হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে (জিআরএসই) সম্পূর্ণ দেশীয় নকশা ও প্রযুক্তির সাহায্যে নির্মিত এই জাহাজগুলি ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

আইএনএস দুনাগিরি একটি আধুনিক স্টেলথ ফ্রিগেট, যা প্রজেক্ট ১৭এ-র অন্তর্গত। এই শ্রেণির পঞ্চম এবং জিআরএসই-তে নির্মিত দ্বিতীয় ফ্রিগেট হিসেবে এর বিশেষ গুরুত্ব রয়েছে। অত্যাধুনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজ সমুদ্রপথে ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অন্যদিকে আইএনএস অগ্রয় মূলত সাবমেরিন-বিরোধী অভিযানের জন্য নির্মিত একটি বিশেষ যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্র এলাকায় শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংস করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। টর্পেডো, রকেট লঞ্চার এবং আধুনিক অগভীর জলের প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত এই জাহাজ নৌবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করবে।

তৃতীয় জাহাজ আইএনএস সংশোধক একটি অত্যাধুনিক হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল। এটি সন্ধ্যায়ক শ্রেণির চতুর্থ এবং শেষ জাহাজ। সমুদ্রের তলদেশের তথ্য সংগ্রহ, নৌপথ নির্ধারণ, উপকূলীয় এলাকা পর্যবেক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জরিপমূলক কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক প্রযুক্তির সাহায্যে গভীর ও উপকূলীয় উভয় জলসীমায় নির্ভুল সমীক্ষা পরিচালনার ক্ষমতা রয়েছে এই জাহাজের।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নৌশক্তি ছাড়া কোনও দেশের সামগ্রিক শক্তিবৃদ্ধি সম্ভব নয়। তিনি জানান, আত্মনির্ভর ভারতের অন্যতম শক্তির ভিত্তি হল তার নৌসেনা এবং আইএনএস দুনাগিরির মতো আধুনিক যুদ্ধজাহাজ সেই শক্তিকে আরও বৃদ্ধি করবে। পাশাপাশি তিনি বলেন, ভারত সমুদ্রশক্তির এক নতুন যুগে প্রবেশ করছে এবং আগামী দিনে দেশের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top