সেবাশ্রয় শিবির নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি আজ, দুর্নীতির অভিযোগে প্রকাশ হতে পারে নথি

সেবাশ্রয় শিবির নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি আজ, দুর্নীতির অভিযোগে প্রকাশ হতে পারে নথি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচিকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সূত্রের দাবি, সেবাশ্রয় শিবির পরিচালনার ক্ষেত্রে আর্থিক অনিয়ম, চিকিৎসা পরিষেবায় গাফিলতি এবং চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে একাধিক অভিযোগের বিষয়ে তিনি বিধানসভায় বক্তব্য রাখবেন। পাশাপাশি এই সংক্রান্ত কিছু নথিও প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে।

সরকারি দাবি অনুযায়ী, একাধিক বেসরকারি নার্সিংহোম থেকে জোরপূর্বক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের অভিযোগ উঠেছে। এছাড়া শিবির সংলগ্ন এলাকা থেকে ব্যবহৃত ও অব্যবহৃত ওষুধ উদ্ধারের ঘটনাও তদন্তের আওতায় রয়েছে। একই সঙ্গে চিকিৎসার গাফিলতির জেরে কয়েকজন রোগী গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এই সমস্ত অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক তীব্র হয়েছে।

এদিন বিধানসভায় রাজ্যের পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক (সিএজি)-এর একাধিক রিপোর্টও পেশ করা হবে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রের দাবি, মোট ২৮টি রিপোর্ট পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য বিবেচিত হবে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যেখানে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, সেখানে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে।

উল্লেখ্য, শুক্রবার বিধানসভায় ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় শিবিরকে ঘিরে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, শিবিরের নামে একটি খেলার মাঠ দীর্ঘদিন দখল করে রাখা হয়েছিল এবং সেই অস্থায়ী পরিকাঠামো সরিয়ে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারি তহবিল থেকে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয় করতে হতে পারে। বিষয়টি নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনার দাবি জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top