দেশ – গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদকের খাতা খুললেন প্যারা পাওয়ারলিফটার ঝন্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন বিহারের নালন্দার ২৯ বছরের এই অ্যাথলিট। তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। একসময় বাবার সঙ্গে রাস্তার ধারে আলু-পেঁয়াজ বিক্রি করেছেন, আবার কোভিড-১৯ অতিমারির সময়ে সংসার চালানোর জন্য ই-রিকশাও চালিয়েছেন। সেই কঠিন লড়াই পেরিয়েই আজ আন্তর্জাতিক মঞ্চে পদক জিতে নজর কেড়েছেন তিনি।
প্রতিযোগিতায় গ্রুপ ‘বি’ থেকে অংশ নিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় ১৯০ কেজি ওজন তুলে ১৩০.৯ পয়েন্ট অর্জন করেন ঝন্ডু। শেষ প্রচেষ্টায় ১৯৬ কেজি তোলার চেষ্টা করলেও অল্পের জন্য সফল হতে পারেননি। তবে ১৯০ কেজির সফল লিফটই শেষ পর্যন্ত তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। নাইজেরিয়ার রিলুওয়ান ইদ্রিস ২০৮ কেজি তুলে ১৩২.৮ পয়েন্ট নিয়ে সোনা জেতেন এবং ইংল্যান্ডের ম্যাথিউ হার্ডিং ১৯৯ কেজি তুলে ১৩১.০ পয়েন্ট নিয়ে রুপো অর্জন করেন।
শেষ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করে ঝন্ডু জানান, বারবেলটি র্যাকে আটকে যাওয়ায় সময়ের সামান্য সমস্যা হয়েছিল। তবে ভারতের হয়ে প্রথম পদক জেতার আনন্দই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। পদক জয়ের পর তিনি বলেন, “ভারতের প্রথম পদক জিততে পেরে খুব ভালো লাগছে। জাতীয় পতাকা দেখলেই গর্ব হয়। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। প্রথমে বাড়িতে বাবা-মাকে ফোন করব। তারপর গৌতম ভাইয়াকে, যার সঙ্গে ছোটবেলা থেকে অনুশীলন করেছি।”




















