রাজ্য – স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৯ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত গোটা রাজ্যে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই মর্মে রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, সচিব, জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর।
সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং জনসাধারণের অংশগ্রহণকে আরও উৎসাহিত করতেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, ব্যবসায়িক সংগঠন এবং সাধারণ মানুষকে এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচির আওতায় তিরঙ্গা রঙ্গোলি, প্রভাতফেরি, সাইকেল ও ই-বাইক র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘বন্দে মাতরম’-এর সমবেত গানের আয়োজন, সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় তিরঙ্গা-থিমে আলোকসজ্জা এবং জাতীয় পতাকার ইতিহাস নিয়ে প্রদর্শনীর আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও নাগরিকদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে এবং ‘সেলফি উইথ তিরঙ্গা’ পোর্টালে জাতীয় পতাকার সঙ্গে তোলা ছবি আপলোড করার জন্যও উৎসাহিত করতে বলা হয়েছে। স্বাধীনতা দিবসকে ঘিরে জনসচেতনতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।




















